বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের চট্টগ্রাম উত্তর জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে ১০১ সদস্য অন্তর্ভুক্ত রয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নীতিনির্ধারণী কমিটির জরুরি সভায় এ কমিটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। ব্যারিস্টার তারেক আকবর খোন্দকারকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট মোহাম্মদ আবু তাহেরকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মোহা. কামাল হোসেন ও ভারপ্রাপ্ত সদস্যসচিব মোসা. ফরিদা ইয়াছমিন শোভা নবগঠিত কমিটির অনুমোদন দেন। নতুন কমিটি গঠনের উদ্দেশ্য হলো সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করা।
কেন্দ্রীয় নেতৃত্ব আশা প্রকাশ করেছে যে, নবগঠিত কমিটির নেতৃত্বে চট্টগ্রাম উত্তর জেলায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার হবে।
নতুন আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার অ্যাডভোকেট কামাল হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, 'বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক এবং চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক হিসেবে মনোনীত করায় অ্যাডভোকেট কামাল ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।'
তিনি আরও বলেন, নতুন দায়িত্ব পালনে সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতা নিয়ে চট্টগ্রাম উত্তর জেলায় সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।