প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, "সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ কিছুই নয়, আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশি।" মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রামে পূজা পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
বন্দরনগরীর রহমতগঞ্জ জে. এম. সেন হল পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, "৭১ এর মুক্তিযুদ্ধে যেভাবে জাতি-ধর্ম নির্বিশেষে সবাই ঝাপিয়ে পড়ে বিজয় ছিনিয়ে এনেছে; সেভাবেই ২৪ এর আন্দোলনের মাধ্যমে দেশের মানুষ স্বৈরাচারের পতন ঘটিয়েছে।"
প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, "এই দেশ আমার-আপনার সকলের। স্বৈরাচার পতনের আন্দোলনে গুলিবিদ্ধ হওয়া কাউকে আমরা জিজ্ঞাসা করিনি সে কি মুসলমান-হিন্দু নাকি খ্রিস্টান-বৌদ্ধ।"
সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে সৈয়দপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে রংপুরে যান। পথে তারাগঞ্জ ও পাগলাপীরে দুটি পথসভায় অংশ নেন এবং রংপুরের রাধাগোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরে বিকেল ২টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী রাজশাহীতে পৌঁছান। সেখানে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দিয়ে ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য ১২ কোটি টাকার প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়ের পর প্রধানমন্ত্রী রাত ৭টা ৪০ মিনিটে চট্টগ্রাম পৌঁছান।