মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ডিজেলের খরচ সামলাতে কৃষকদের জন্য ট্রাম্পের ৮ বিলিয়ন ডলার সহায়তা

ডিজেলের খরচ সামলাতে কৃষকদের জন্য ট্রাম্পের ৮ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা।

ডিজেলের খরচ সামলাতে কৃষকদের জন্য ট্রাম্পের ৮ বিলিয়ন ডলার সহায়তা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৃষকদের জন্য ৮ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা করেছেন। সোমবার (১৯ অক্টোবর) কানসাসে মধ্যবর্তী নির্বাচনের প্রচার সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

ট্রাম্প জানান, দেশটির কৃষি বিভাগ নতুন একটি ‘হারভেস্ট ফুয়েল রিলিফ প্রোগ্রাম’ চালু করবে, যার মাধ্যমে কৃষকদের এককালীন আর্থিক সহায়তা দেওয়া হবে। তিনি বলেন, “ফসল কাটার এই মৌসুমে ডিজেলের খরচ সামাল দিতে আমাদের কৃষকদের ৮ বিলিয়ন ডলার সহায়তা দেওয়া হবে।”

এটি নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটারদের উদ্দেশে রিপাবলিকান প্রেসিডেন্টের দেওয়া ধারাবাহিক আর্থিক প্রতিশ্রুতি ও সহায়তার সর্বশেষ ঘোষণা। রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য লড়াই করছে।

বর্তমানে কংগ্রেসের উভয় কক্ষে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তবে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় জনসমর্থন কমেছে। কৃষি ও গ্রামীণ অর্থনীতিনির্ভর অঙ্গরাজ্যগুলোতে সমর্থন ধরে রাখার চেষ্টা করছে ট্রাম্প ও রিপাবলিকান পার্টি।

ট্রাম্পের বক্তব্যের পর কৃষি বিভাগ জানায়, ফসল কাটার মৌসুমে আমেরিকান কৃষকদের জন্য ৮ বিলিয়ন ডলার বরাদ্দ থাকবে। সাময়িক বাজার-বিঘ্ন ও উৎপাদন উপকরণের বাড়তি ব্যয়ের চাপ কমাতে এ সহায়তা দেওয়া হবে।

কৃষি বিভাগের ফার্ম সার্ভিস এজেন্সির মাধ্যমে অর্থ বিতরণ করা হবে এবং কৃষকদের সম্ভাব্য ক্ষতির একটি অংশ পুষিয়ে দিতে সহায়তা দেওয়া হবে। ট্রাম্পের পরিকল্পনা নিয়ে কিছু অর্থনীতিবিদ ও কংগ্রেসের রিপাবলিকান সদস্যদের মধ্যে সংশয় রয়েছে।

এছাড়া, ট্রাম্প আরও ঘোষণা দেন যে, বয়স্কদের স্বাস্থ্যবিমা কর্মসূচি মেডিকেয়ারে অন্তর্ভুক্ত ২ কোটির বেশি মার্কিন নাগরিককে এককালীন ৯০ ডলার করে দেওয়া হবে।

বিজ্ঞাপন