জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মাদক সমাজকে ধ্বংস করছে এবং এর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন।
তিনি মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রামের জিইসি কনভেনশন হলে দলের মহানগর শাখার উদ্যোগে আয়োজিত প্রাক্তন সাথী ও সদস্য সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, "ইশরাক হোসেনের হাতে অস্ত্রটি না থাকলে ভালো হতো। তার কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই।" তিনি আরও বলেন, জনপ্রতিনিধি বা প্রতিমন্ত্রীর প্রকাশ্যে অস্ত্র বহন করা উচিত নয়, কারণ অন্যরা এর অপব্যবহার করতে পারে।
মাদক নির্মূলের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, "আমরা মাদক নির্মূল চাই। আমাদের সংসদে ‘মাদক নিয়ন্ত্রণ’ আইন পাস হয়েছে, কিন্তু আমরা নিয়ন্ত্রণ চাই না, নির্মূল চাই।"
জামায়াত আমির দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রসঙ্গেও মন্তব্য করেন। তিনি বলেন, "মানুষ দ্রব্যমূল্যের কারণে অতিষ্ঠ, অথচ সরকার বিরোধী দলকে ঘায়েল করতে ব্যস্ত।"