ফ্রান্স সফর শেষে দেশে ফেরার পর ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে তিন ঘণ্টা আটকে রাখার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তাকে ৫০ হাজার রুপি জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে পাঞ্জাবে ক্ষমতাসীন আম আদমি পার্টি (আপ)।
বুধবার (২১ অক্টোবর) দেশটির সংবাদমাধ্যম দ্য ইকোনোমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক খাদ্য প্রদর্শনীতে অংশ নিয়ে ফ্রান্স থেকে ফেরার পর এই ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে যে, কোনোরকম কারণ দর্শানো ছাড়াই লাগেজ তল্লাশির অজুহাতে দীর্ঘসময় তাকে বিমানবন্দরে বসিয়ে রাখা হয়।
বিমানবন্দর থেকে বের হওয়ার সময় ফের বিমানবন্দর কর্মকর্তারা তার কাছে ফিরে আসেন এবং কেন্দ্রের উপরমহলের চাপের কথা উল্লেখ করে তাকে জরিমানা করেন।
আম আদমি পার্টি এই ঘটনাকে কেন্দ্রীয় সরকারের ‘রাজনৈতিক প্রতিহিংসা’ হিসেবে অভিহিত করেছে। মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে বিনিয়োগ ও তহবিল ইস্যুসহ বেশ কিছু বিষয়ে বিরোধ চলমান রয়েছে।
অন্যদিকে, কাস্টমস কর্তৃপক্ষ এবং বিজেপি আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছে। এই ঘটনার পর পাঞ্জাবের রাজনৈতিক পরিবেশে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।