মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ভারতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, আহত কয়েকজন

ভারতের ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, আহত হয়েছেন কয়েকজন।

ভারতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, আহত কয়েকজন

ভারতের ঝাড়খণ্ডে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশ লাঠিচার্জ করেছে। রাঁচিতে সরকারি চাকরির পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে বিধানসভা ঘেরাও অভিযানে পুলিশের আক্রমণে আহত হয়েছেন বেশ কয়েকজন আন্দোলনকারী।

বিবিসি বাংলার প্রতিবেদনে জানা যায়, স্বচ্ছ পরীক্ষা পদ্ধতির দাবিতে রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে চলমান আন্দোলনে অনির্দিষ্টকালের অনশনে বসেছেন কিছু আন্দোলনকারী।

দিল্লির যন্তর মন্তরের আন্দোলনের পর ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় দুর্নীতির অভিযোগে পরীক্ষা বাতিল ও সিবিআই তদন্তের দাবিতে এই আন্দোলন শুরু হয়েছে। সোমবার হাজার হাজার পরীক্ষার্থী ঝাড়খণ্ড বিধানসভা অভিযানে অংশ নেন।

আন্দোলনকারীরা পুরোনো বিধানসভা ভবন থেকে নতুন বিধানসভা ভবন পর্যন্ত শান্তিপূর্ণ মিছিলের ডাক দেন। কিন্তু আন্দোলনকারীরা বিধানসভার দিকে যেতে চাইলে প্রথমে পুলিশ জলকামান চালায়, পরে লাঠিচার্জ করে। আন্দোলনকারীদের দাবি, এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

এদিকে, এক সপ্তাহের বেশি সময় ধরে চলা অনশনে অসুস্থ হয়ে পড়েছেন আন্দোলনকারী দেবেন্দ্রনাথ মাহাতো। আন্দোলনকারীরা রাজ্য সরকারের সঙ্গে তিনবার বৈঠক করেছে।

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সরকার জানিয়েছে, তারা আন্দোলনকারীদের অধিকাংশ দাবিই মেনে নিয়েছে। তবে আন্দোলনকারীরা জানান, পরীক্ষায় বিপুল দুর্নীতির জন্য সিবিআই তদন্তের দাবি মানতে নারাজ সরকার।

এই দুর্নীতির তদন্তে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্ত শাখা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইতিমধ্যে তিনটি পরীক্ষা বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন