বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের কোচ জেরার্ড জোনস তার দায়িত্ব গ্রহণের দেড় মাসের মধ্যে অর্থনৈতিক সংকট ও নিরাপত্তার শঙ্কা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আমার কাছে কোনো টাকা নেই। স্ত্রী-সন্তানের জন্য টাকা পাঠাতে পারছি না। আমি আমার জীবনের জন্য শঙ্কিত।’
জুন মাসে দায়িত্ব নেওয়া এই ইংলিশ কোচের অভিযোগের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, জোনসের বেতন দেওয়া হয়েছে। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানান, চুক্তি অনুযায়ী ১০ তারিখের মধ্যে কোচের বেতন ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। কিন্তু এরপর কেন এমন অভিযোগ উঠল, তা নিয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা নেই।
জোনসের প্রথম পোস্টের পর ফেসবুকে আবারও একটি পোস্টে তিনি জানান, ‘আমি অর্থ পেয়েছি, তবে এর সঙ্গে আরও কিছু জটিলতা রয়েছে।’ তিনি অভিযোগ করেন, তার ব্যক্তিগত আর্থিক তথ্য অন্যদের সঙ্গে শেয়ার করা হয়েছে এবং ঢাকায় অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।
জোনস দাবি করেন, অনেকে তার গাড়ির কাছে এসে টাকা চেয়েছে এবং তাকে ঘিরে ধরেছে। তিনি ফেসবুক লাইভে এসে আবেগাপ্লুত হয়ে বলেন, ‘প্রতিদিন নতুন নতুন ধাক্কা আসছে। মনে হচ্ছে আমি আমার পরিবারকে হতাশ করেছি।’
এদিকে, বাফুফে বলছে, কোচের অভিযোগের সঙ্গে তাদের বক্তব্যের ফারাক স্পষ্ট। তবে আসল সত্যিটা কী, তা নিয়ে প্রশ্ন উঠেছে। জেরার্ড জোনসের অভিযোগের রহস্য উন্মোচন হবে কীভাবে, সেটাই এখন দেখার বিষয়।