বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গত জুনে ইংল্যান্ডের কোচ জেরার্ড জোনসকে নিয়োগ দেয়। ৩৭ বছর বয়সী এ কোচকে অনূর্ধ্ব-২০ দলের দায়িত্ব দেওয়া হয়েছে। চলতি মাসের শেষ দিকে উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত হতে যাওয়া এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে জোনসের অধীনেই বাংলাদেশ অংশগ্রহণ করবে।
যশোরের শামসুল হুদা একাডেমিতে প্রস্তুতি ক্যাম্প চলাকালীন, আজ সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুরুতর অভিযোগ তুলেছেন জোনস। তিনি জানান, এখনও বেতনের অপেক্ষায় আছেন এবং টাকা না থাকায় স্ত্রী ও সন্তানকে অর্থ পাঠাতে পারছেন না।
ফেসবুকে পোস্টে জোনস লিখেছেন, "মনটা খুব খারাপ। বিষণ্ন লাগছে। আমার পরিবার এবং নিজের নিরাপত্তা নিয়ে আমি চিন্তিত। প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বা অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।"
জোনস আরও জানান, "বেতনের অপেক্ষায় আছি। আমার কাছে কোনো টাকা নেই এবং আমার স্ত্রী ও সন্তানদের খাওয়ার জন্য টাকা পাঠাতে পারছি না। আমি আমার জীবনের জন্য শঙ্কিত এবং খুব ভয়ে আছি।"
এদিকে, বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন এ বিষয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, "কোচের বেতন তার অ্যাকাউন্টে আগেই চলে গেছে। ট্যাক্সের নিয়ম কানুনের কারণে ওর বেতন স্ত্রীর কাছে পাঠাতে সময় লাগে। এখন ফেসবুকে কেন এসব লিখলো, বোধগম্য নয়। নিরাপত্তার বিষয়টি আমরা জানি না। এখানে তো কোনও সমস্যা নেই। তারপরও আমরা বিষয়টি দেখছি।"