শিক্ষায় অবহেলা, সরকারি দুর্নীতি এবং বিতর্কিত রিসোর্ট নির্মাণ প্রকল্পের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছে আলবেনিয়ার হাজার হাজার শিক্ষার্থী। রাজধানী তিরানাসহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর স্ক্যান্ডারবেগ স্কয়ারে বিক্ষোভকারীরা জড়ো হলে তাদের ছত্রভঙ্গ করতে দাঙ্গা পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস এবং লাঠিচার্জ ব্যবহার করে। সহিংসতার কারণে আলবেনিয়ার সংসদ অধিবেশন বাতিল করতে বাধ্য হয়।
আন্দোলনের পেছনে অন্যতম কারণ হিসেবে দেখা যাচ্ছে, আলবেনিয়ার দক্ষিণ উপকূলে জ্যারেড কুশনারের বিলাসবহুল রিসোর্ট প্রকল্পের জন্য সরকারি সম্পত্তি ও গ্রামবাসীদের জমি বেআইনিভাবে বিক্রি করা। যদিও কুশনারের বিরুদ্ধে সরাসরি অনিয়মের প্রমাণ নেই, তবুও এই প্রকল্পের কারণে চলমান অসন্তোষ গণবিক্ষোভে রূপ নিয়েছে।
শিক্ষা খাতের খরচ বৃদ্ধি, শিক্ষক ও চাকরির সংকট এবং জীবনযাত্রার চড়া দাম তরুণ প্রজন্মকে রাস্তায় নামতে বাধ্য করেছে।
প্রধানমন্ত্রী এদি রাম আন্দোলনের মধ্যে পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করে বলেন, “আমার মূল দায়িত্ব হলো জনগণের কথা শোনা এবং আলবেনিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া। পদত্যাগ করা হবে আলবেনীয় জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা।”
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এদি রামের শাসনের জন্য এটি সবচেয়ে বড় ঘরোয়া সংকট। ২০২৮ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণাঙ্গ সদস্যপদ পাওয়ার লক্ষ্য সাম্প্রতিক দুর্নীতি কেলেঙ্কারি ও অস্থিরতার কারণে জটিল হয়ে উঠতে পারে।