শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

মাহফুজ আলম: উগ্র ডানপন্থার ট্রেনে দেশ, খেসারত দিতে হবে সুশীল সমাজকে

মাহফুজ আলমের মতে, দেশ উগ্র ডানপন্থার ট্রেনে উঠেছে এবং সুশীল সমাজকে খেসারত দিতে হবে।

মাহফুজ আলম: উগ্র ডানপন্থার ট্রেনে দেশ, খেসারত দিতে হবে সুশীল সমাজকে

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম দাবি করেছেন যে, দেশের সুশীল সমাজসহ অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ‘কোলে’ উঠে গেছে।

তিনি বৃহস্পতিবার রাতে ‘জুলাই পরবর্তী রাজনীতির আজব দশা’ শিরোনামে এক ফেইসবুক পোস্টে এই মন্তব্য করেন। মাহফুজ আলম বলেন, ‘অন্তরীণ সরকারের আমল থেকেই সেকুলার সিভিল সোসাইটি, ব্যক্তি ও প্রতিষ্ঠানের জাশি এন্ড ৭২ আদার্সের কাছে সাষ্টাঙ্গ প্রণাম দেখে এসেছি।’

মাহফুজ আলমের মতে, ক্ষমতার জন্য এবং সংস্কারের নামে বিএনপি বিরোধিতার জন্য অনেকেই জামায়াতের কোলে ওঠার চেষ্টা করছেন। তিনি উল্লেখ করেন, ‘ডিজিটাল মবের চাপে অনেকে ডানপন্থি থেকে উগ্র-ডানপন্থি হয়ে গেছেন।’

তিনি আরও বলেন, ‘দেশ (উগ্র) ডানপন্থার ট্রেনে উঠে গেছে। হরেক রঙ্গের নরম-গরম ডান মিলে এটা নিশ্চিত করে ছাড়বে।’

মাহফুজ আলম মনে করেন, ‘সংস্কারের নামে বিএনপির বিরোধিতা করতে গিয়ে জাশির কাছে যাওয়ার খেসারত সেকুলার সমাজের দিতেই হবে। ট্রাডিশনাল আলেম সমাজকেও জাশিকে সার্ভিস দেওয়ার খেসারত দিতে হবে।’

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ অগাস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এ সরকারে মাহফুজ আলম উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ‘অল্টারনেটিভস’ নামে একটি রাজনৈতিক প্লাটফর্মের মাধ্যমে রাজনীতির মাঠে সক্রিয় রয়েছেন।

বিজ্ঞাপন