পশ্চিমবঙ্গের বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন, আন্দোলনের নামে ভারতকে পাকিস্তান ও বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) কলকাতার রাজারহাট-নিউটাউনে গণমাধ্যমকর্মীদের সামনে তিনি এ মন্তব্য করেন।
দিলীপ ঘোষের দাবি, পূর্বে এমন চেষ্টা সফল হয়নি এবং এবারও হবে না। তিনি বলেন, ‘এরা অনেক চেষ্টা করেছে ভারতকে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল বা শ্রীলঙ্কা বানাতে। কিন্তু সফল হয়নি, এবারও হবে না।’
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষাব্যবস্থায় দুর্নীতির অভিযোগে দিল্লির যন্তর মন্তরে চলমান ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে এই মন্তব্য করেন তিনি। ‘কাকরোচ জনতা পার্টি’র ব্যানারে আন্দোলনকারীদের বিদেশি শক্তির পেশাদার পুতুল হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, ‘এরা হলো বিদেশি শক্তির পেশাদার কাঠের পুতুল। তাই কিছুটা উৎপাত তো করবেই।’
দিলীপ ঘোষ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ভুলে যাবেন না সরকারটা নরেন্দ্র মোদী এবং অমিত শাহর। তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন।’ তিনি আন্দোলনকারীদের বিদেশের দালাল বলে তীব্র কটাক্ষ করেন।
তিনি আরও বলেন, ‘এই আন্দোলনজীবীরা বিদেশের টাকায় উসকানিমূলক কাজ করে দেশে উৎপাত তৈরি করে। তবে এদের দিন প্রায় শেষের দিকে।’
দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস নেতাদের আক্রমণ করে বলেন, ‘এদের সংসার চলে অন্যের টাকায়। এরা তো শুধু অন্যদের মাইকের স্পিকার হিসেবে কথা বলে।’
সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের শিক্ষা সংস্কার ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার প্রস্তাব পাঠিয়েছে নরেন্দ্র মোদির সরকার।