সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্তের বিষয়ে জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি পাঠানো হয়েছে।
জামায়াতে ইসলামী দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে পরিচালিত সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে।
২২ জুলাই (বুধবার) অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে গাজী নজরুলকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
চিঠিতে নির্বাচন কমিশনকে গাজী নজরুল ইসলামের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, দল থেকে বহিষ্কারের ভিত্তিতে এমপি পদ নিয়ে সিদ্ধান্ত হবে না; সংসদের পক্ষ থেকে চিঠি পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, আইন অনুযায়ী, দল থেকে পদত্যাগ করলে এমপি পদ থাকার কথা নয়, কিন্তু দল থেকে বহিষ্কার হলে সংবিধান অনুযায়ী এমপি পদ যাওয়ার সুযোগ নেই।
এদিকে, গত সোমবার রাত থেকে গাজী নজরুল ইসলামের 'ব্যক্তিগত মুহূর্তের' একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তাকে এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠভাবে দেখা যায়। ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।