যুক্তরাজ্যে অবস্থানকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এমন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘মন্ত্রণালয় বা মিশন থেকে রাষ্ট্রপতির শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলার কোনো তথ্য পাওয়া যায়নি। তথ্য-প্রমাণ পেলে তা খতিয়ে দেখা হবে।’
ভারতের চলমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ এই অঞ্চলের স্থিতিশীলতা চায় এবং ঢাকা প্রত্যাশা করে যে, ভারতের মতো বৃহত্তর গণতান্ত্রিক দেশে আলোচনার মাধ্যমেই এর সমাধান হবে।’
এছাড়া, পররাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে সেপ্টেম্বর মাসে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।
তিনি আরও জানান, মার্কিন বিশেষ দূতের ঢাকা সফরে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হবে।