বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সাথে যোগাযোগ অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে ভারত সরকারের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সাথে যোগাযোগ অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরানোর জন্য ভারত সরকারের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে এবং পরে কারাগারে যেতে হবে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

শামা ওবায়েদ ইসলাম বলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামি বিদেশে বসে কী বলছেন, সেটি বিবেচ্য বিষয় নয়। স্বৈরাচার শেখ হাসিনাসহ তার দলের অনেক নেতা-কর্মী ভারতে পালিয়ে আছেন। বাংলাদেশ সরকার ভারত সরকারের সাথে অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে।

তিনি আরও জানান, বিষয়টি ভারতের বিচার বিভাগও দেখছে। মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগ দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে নতুন কোনো ফোরাম বা জোটে যুক্ত হওয়ার ক্ষেত্রে দেশের পররাষ্ট্রনীতি সর্বাধিক গুরুত্ব দেবে। তিনি বলেন, কোনো জোট বাংলাদেশের মানুষের স্বার্থে কতটা গুরুত্বপূর্ণ এবং এতে দেশের কী উপকার হবে, তা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

মতবিনিময় সভায় মাদারীপুরের জেলা প্রশাসক নার্গিস আক্তারের সভাপতিত্বে বিএনপির কেন্দ্রীয় নেতারা, মাদারীপুরের বিভিন্ন আসনের সংসদ সদস্য, পুলিশ সুপার মো. ফজলে এলাহীসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন