ভারতের রাজধানী দিল্লিতে চলমান বিক্ষোভের প্রভাব আদালত পর্যন্ত গড়িয়েছে। বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিকাশ সিং সুপ্রিম কোর্টে মেট্রো স্টেশন বন্ধের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি আদালতে জানান, বিক্ষোভের কারণে রাজধানীর একাধিক মেট্রো স্টেশন বন্ধ থাকায় আইনজীবী ও কর্মীদের কার্যক্রম ব্যাহত হচ্ছে, যা জনভোগান্তির সৃষ্টি করছে। এ অবস্থায় আদালতের হস্তক্ষেপের আহ্বান জানানো হয়।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত প্রশাসনকে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার নির্দেশ দিয়েছেন। তিনি সতর্ক করেন যে, যদি এ বিষয়ে কোনো সমাধান না হয়, তাহলে আদালত নিজেই হস্তক্ষেপ করবে।
বৃহস্পতিবার পর্যন্ত দিল্লির অন্তত ১৬টি মেট্রো স্টেশন বন্ধ রয়েছে, যা জনসাধারণের চলাচলে অসুবিধা সৃষ্টি করছে।
অন্যদিকে, দিল্লির আন্দোলনের প্রভাব মুম্বাইতেও পড়েছে। সেখানে পুলিশ ডিজিটাল নজরদারি, ফোনে সতর্কবার্তা এবং বার্তা আদান-প্রদানভিত্তিক অ্যাপের মাধ্যমে অবস্থান শেয়ার করার নির্দেশনা দিয়েছে।
পুলিশের দাবি, এসব পদক্ষেপ প্রতিরোধমূলক এবং তরুণদের বিরুদ্ধে ফৌজদারি মামলা থেকে বিরত রাখার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।