জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, দুর্নীতির কারণে বাংলাদেশ এখনও অনগ্রসর অবস্থায় রয়েছে। তিনি আজ বৃহস্পতিবার হবিগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে ‘শিক্ষার মান উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
কায়সার কামাল বলেন, 'বাংলাদেশ এখনো অনগ্রসর হিসেবে রয়েছে। এর সবচেয়ে বড় কারণ দুর্নীতি। দেশ দুর্নীতির করালগ্রাসে নিমজ্জিত।' তিনি উল্লেখ করেন যে, স্কুলের ফিডিং কর্মসূচিতে ঠিকাদার ও স্কুল কর্তৃপক্ষের সংশ্লিষ্টতার কারণে দুর্নীতি একটি উদ্বেগজনক বিষয়।
তিনি আরও বলেন, 'শুধু শিক্ষাখাতে নয়, সব ক্ষেত্রেই দুর্নীতি রয়েছে। বাংলাদেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা দুর্নীতি।' ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় দেশের জন্য যে স্বপ্ন দেখা হয়েছিল, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে সেই স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
ডেপুটি স্পিকার বলেন, 'আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই, একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। এমন বাংলাদেশ চাই, যেখানে হিন্দু, খ্রিষ্টান ও মুসলিমসহ সব ধর্মের মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন।'