ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে এবং বর্তমানে ভোট গণনা চলছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা চলে বিকেল ৪টা পর্যন্ত।
এই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি ছেড়ে দেয়ার পর। ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। একই বছরে দ্বিতীয়বারের মতো জাতীয় সংসদের ভোট দিচ্ছেন তারা। সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা বৃদ্ধি পায়।
ভোট দিতে আসা এক নারী ভোটার জানান, ‘ভোট দেওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে এসেছি।’ অন্য এক নারী ভোট দিয়ে বের হয়ে বলেন, ‘আশা করছি, ভোটের এই সুষ্ঠু পরিবেশ সারাদিন বজায় থাকবে।’
নির্বাচনের পরিবেশের প্রশংসা করেছেন বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিন। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় নিঃসন্দেহে উৎসবমুখর পরিবেশে এখানে ভোট হবে। আমি কোনো শঙ্কা দেখি না।’
অন্যদিকে, জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন নির্বাচনি পরিবেশ নিয়ে সংশয় প্রকাশ করেন। তিনি বলেন, ‘যেহেতু দলীয় সরকারের অধীনে এই নির্বাচন হচ্ছে– এটা পুরোটাই নির্ভর করছে সরকার এবং নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রশাসনের ওপরে।’
উপনির্বাচনে ৫ প্রার্থী লড়াই করছেন, তবে মূল লড়াই বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, সারাদেশের নজর থাকায় নির্বাচন নিয়ে প্রশাসন সতর্ক রয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তা দিচ্ছেন। ঠাকুরগাঁও পুলিশ সুপার বেলাল হোসেন জানান, ‘সব জায়গায় শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে।’ আসনটিতে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন।