রাজধানী ঢাকায় এলপিজি সিলিন্ডারের সংকট কাটছে না। দাম বৃদ্ধির পরও অধিকাংশ দোকানে গ্যাসের অভাব দেখা দিয়েছে। কিছু দোকানে এলপিজি পাওয়া গেলেও, নির্ধারিত দামের চেয়ে ৫০০ থেকে ৮০০ টাকা বেশি গুণতে হচ্ছে ক্রেতাদের।
দোকানদারদের দাবি, কোম্পানিগুলো এখনও সরবরাহ স্বাভাবিক করেনি। বনশ্রী এলাকার বাসিন্দা জাকির হোসেন জানান, তিনি খালি সিলিন্ডার নিয়ে বিভিন্ন দোকানে গ্যাস খুঁজতে বের হয়েছিলেন, কিন্তু কোথাও গ্যাস মেলেনি। তিনি বলেন, 'চুলায় রান্না বসানো আছে। গ্যাস শেষ। এখন আসলাম সিলিন্ডার নিতে, বিভিন্ন জায়গায় খুঁজছি, বলে নাই।'
রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, বেশিরভাগ দোকানে সিলিন্ডার নেই। ক্রেতারা অভিযোগ করেছেন, সরকার নির্ধারিত দামে এলপিজি পাওয়া যায় না। এক ক্রেতা জানান, 'এক হাজার ৮০০ টাকা দাম নির্ধারণ করেছে সরকার। কিন্তু আড়াই হাজার টাকার নিচে দাম বললে দোকানদাররা বলে গ্যাস নাই।'
এছাড়া, অনেকের বাড়িতে গ্যাসের সংযোগ থাকলেও, তারা এলপিজি সিলিন্ডার ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। এক চায়ের দোকানি জানান, 'চার হাজার টাকার সিলিন্ডার এখন ছয় হাজার ২০০ টাকা দিয়ে কিনে আনলাম।'
ব্যবসায়ীরা জানান, সরবরাহ কম থাকায় তারা চাহিদা অনুযায়ী গ্যাস দিতে পারছেন না। একজন সিলিন্ডার বিক্রেতা বলেন, 'আমার সপ্তাহে দরকার দুই হাজারটা সিলিন্ডার। পাচ্ছি মাত্র দুইশটি।'
লোয়াবের সিনিয়র সহসভাপতি হুমায়ুন রশীদ বলেছেন, 'সরকারি অনুমোদনপ্রাপ্ত কোম্পানিগুলোকে আমদানি করে মজুত বাড়াতে হবে।' এলপিজি সিলিন্ডারের সংকট সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শুরু হয় এবং মাসের শেষ দিকে এটি তীব্র আকার ধারণ করে। গেল রোববার ১২ কেজির সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়ানো হয়।