সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম মো. সজিব হোসেন, যিনি কুমিল্লার বাসিন্দা ছিলেন।
রোববার সৌদি আরামকোর একটি স্থাপনায় হামলার ঘটনা ঘটে। নিহতের তথ্য সোমবার বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করেছে।
এ ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এবং হামলার তীব্র নিন্দা জানায়। মন্ত্রণালয় নিহতের পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস নিহতের পরিবারের সদস্য ও নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছে। মরদেহের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে দেশে পাঠানোর বিষয়ে দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে।