উত্তরাঞ্চলীয় জেলা পঞ্চগড়ে শীতের আগমন ঘটেছে। রাতভর কনকনে ঠান্ডা এবং ভোরে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে রাস্তা-ঘাট।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে সকালে তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা ৩ দশমিক ৩ ডিগ্রির সেলসিয়াস কমেছে। বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রির সেলসিয়াস।
রাতভর শীত ও ঘন কুয়াশার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, বিশেষ করে শিশু ও বয়স্করা শীতে কাঁপছেন। ঘন কুয়াশার কারণে সড়কে যানবাহন চলাচলেও চালকদের সতর্ক থাকতে হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, রাতের তাপমাত্রা দ্রুত কমে গেলে শিশিরাঙ্কে পৌঁছায়, ফলে কুয়াশা সৃষ্টি হয়। তিনি আরও বলেন, ডিসেম্বরের দিকে পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।