বায়ুমান সূচকে ২৮৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। বাংলাদেশের রাজধানী ঢাকা ২৪১ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে, যা বাতাসের মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টায় বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত সূচক থেকে এ তথ্য জানা গেছে।
এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় নেপালের রাজধানী কাঠমান্ডু ১৭৪ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। বাহরাইনের শহর মানামা ১৭২ স্কোর নিয়ে চতুর্থ এবং ভারতের দিল্লি ১৭০ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।
আইকিউএয়ার সুইজারল্যান্ডভিত্তিক একটি প্রতিষ্ঠান, যা বায়ুর মানের লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘সহনীয়’ ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
এছাড়া, স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে গণ্য করা হয়।