বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে বায়ুদূষণের মাত্রা বাড়ছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, ১৬৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর।
ঢাকা ১৫৫ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে, যেখানে বাতাসের মান নাগরিকদের স্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হচ্ছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার এই তথ্য প্রকাশ করে।
আইকিউএয়ার এর এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, দূষিত শহরের তালিকায় কুয়ালালামপুরের পর ১৫৯ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে উগান্ডার কাম্পালা এবং ১৫৭ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর। পঞ্চম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, যার স্কোর ১৫৩।
আইকিউএয়ার এর মানদণ্ড অনুযায়ী, স্কোর ০ থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ ধরা হয়, ৫১ থেকে ১০০ হলে ‘সহনীয়’ এবং ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়। স্কোর ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসাবে গণ্য করা হয়।