বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

পুলিশের ২ কর্মকর্তাকে বরখাস্তের আদেশ জারি

পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্তের আদেশ জারি করেছে সরকার।

পুলিশের ২ কর্মকর্তাকে বরখাস্তের আদেশ জারি

সরকার অসদাচরণ ও ‘পলায়নের’ অভিযোগে পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের আদেশ জারি করা হয়।

বরখাস্তকৃতদের মধ্যে একজন হলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এস এম মেহেদী হাসান এবং অপরজন গাজীপুরের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ এর সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. রহমত উল্লাহ চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, এস এম মেহেদী হাসান ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং ই-মেইলে নোটিশ প্রদান করা হলেও তিনি কর্মস্থলে হাজির হননি। ‘পলায়নের’ অভিযোগ সুস্পষ্টভাবে প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

অন্যদিকে, মো. রহমত উল্লাহ চৌধুরী ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি অসুস্থতার কারণে চিকিৎসকের পরামর্শে দুই মাসের বিশ্রামে ছিলেন। বিশ্রাম শেষে ২০২৫ সালের ১১ এপ্রিল তার কর্মস্থলে যোগদানের কথা থাকলেও তিনি যোগদান করেননি। বিধি অনুসারে, তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি থেকে তাকে বরখাস্ত করা হয়েছে।

বিজ্ঞাপন