ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন-অর-রশিদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, হারুনের বরখাস্তের আদেশ ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কার্যকর হবে। তিনি ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দীর্ঘ সময় ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
হারুনের বর্তমান ও স্থায়ী ঠিকানায় একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কর্মস্থলে যোগ দেননি। এ কারণে পুলিশ অধিদফতর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি পাঠানো হয়। ২০২৬ সালের ১৫ এপ্রিল তার বিরুদ্ধে ০০৫/২০২৫ নম্বর বিভাগীয় মামলা দায়ের করা হয়।
অভিযোগের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হলে তিনি কোনো লিখিত জবাব দেননি এবং সময় বাড়ানোর আবেদনও করেননি। ২২ জুন তদন্তকারী কর্মকর্তা নিয়োগের পর ৬ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়, যেখানে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়।
২০ আগস্ট তাকে দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়, তবে তিনি আবারও নিস্ক্রিয় থাকেন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ অনুযায়ী, গত ১ অক্টোবর তাকে চাকরি থেকে বরখাস্তের পক্ষে মতামত দেয়া হয়।
রাষ্ট্রপতি গত ২৫ অক্টোবর এ বরখাস্তের সিদ্ধান্ত অনুমোদন করেন। বিভাগীয় মামলার নথিপত্র, তদন্ত প্রতিবেদন ও সরকারি কর্ম কমিশনের পরামর্শ পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।