মানবিক, দুর্নীতিমুক্ত ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন। শনিবার গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বরে ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় তিনি বলেন, "যতক্ষণ পর্যন্ত দেশে মানবিক পরিবেশ, দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ আমাদের লড়াই অব্যাহত থাকবে।"
পথসভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, "বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা সাত দফা দাবি নিয়ে মাঠে নেমেছি।" তিনি জনগণকে এই দাবিগুলো আদায়ের জন্য প্রস্তুত থাকতে আহ্বান জানান।
লংমার্চের অংশ হিসেবে শনিবার ঢাকা থেকে খুলনা ও কুষ্টিয়া উদ্দেশ্যে যাত্রা শুরু করে জোটের নেতা-কর্মীরা। প্রায় দুই হাজার মাইক্রোবাস, ট্রাক ও প্রাইভেট কারের একটি বহর মুকসুদপুরে প্রবেশ করে। গাড়িবহরটি গোপালগঞ্জের বিভিন্ন এলাকা অতিক্রম করে বাগেরহাট ও খুলনার উদ্দেশ্যে রওনা হয়।
লংমার্চকে কেন্দ্র করে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। গুরুত্বপূর্ণ মোড় ও পয়েন্টগুলোতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
লংমার্চের গাড়িবহরকে স্বাগত জানাতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ১১ দলীয় জোটের নারী নেতা-কর্মীসহ অন্যান্য নেতা-কর্মীরা জড়ো হন। তাঁরা স্লোগান দিয়ে এবং হাত নেড়ে অংশগ্রহণকারীদের স্বাগত জানান।
কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে গোপালগঞ্জের ৬৫ কিলোমিটার সড়কপথ অতিক্রম করে ১১ দলীয় জোটের লংমার্চের গাড়িবহর।