শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিরোধী দলের জনপ্রিয়তায় ধস: ফরহাদ হোসেন আজাদ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে বলে মন্তব্য করেছেন ফরহাদ হোসেন আজাদ।

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিরোধী দলের জনপ্রিয়তায় ধস: ফরহাদ হোসেন আজাদ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শনিবার সকালে ঠাকুরগাঁওয়ের টাঙন ব্যারেজে আয়োজিত মাছ ধরা উৎসব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকার আট মাসে কী করেছে, কী করেনি, তার মূল্যায়ন করেছেন ঠাকুরগাঁওয়ের মানুষ। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশের জন্য কী করছে, সেটিও মানুষ দেখছে।’ তিনি আরও উল্লেখ করেন, ‘যারা আজ বিক্ষোভের ডাক দিয়েছে, তারা বিভিন্ন সময়ে লং মার্চ ও রোডমার্চ করেছে। কিন্তু উপনির্বাচনের ফলাফলে জনগণ তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে।’

ফরহাদ হোসেন আজাদ জানান, ‘নির্বাচনে বিএনপির প্রার্থী প্রায় ১ লাখ ৩০ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। বিপরীতে বিরোধী দলের প্রার্থী পেয়েছেন তুলনামূলক অনেক কম ভোট। এ ফলাফলই প্রমাণ করে, বিগত দিনে বিরোধী দল যেসব কর্মকাণ্ড করেছে, তাতে জনগণের মধ্যে তাদের জনপ্রিয়তা কমেছে।’

তিনি বলেন, ‘সরকার দেশব্যাপী খাল খনন ও নদী খননের উদ্যোগ গ্রহণ করেছেন। এসব প্রধানমন্ত্রী নিজে তত্বাবধান করছেন। কোনো ধরনের অনিয়ম পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

উৎসবের সময় টাঙন ব্যারেজের তিনটি জলকপাট খুলে দেওয়া হয়। স্থানীয় জেলে ও সাধারণ মানুষ মৎস্য উৎসবে মেতে ওঠেন। প্রতিমন্ত্রী বলেন, ‘বর্ষার পরে যখন টাঙ্গন ব্যারেজ খোলা হয়, তখন মানুষ দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে একত্রিত হয়ে মাছ উৎসব পালন করেন।’

ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘বর্তমান পানি সম্পদ মন্ত্রণালয় জবাবদিহি আছে। প্রতিমাসে প্রধানমন্ত্রীর কাছে একবার জবাবদিহি করতে হয়। আমাদের তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে হবে। নদী খাল খনন করে পানিকে ধারণ করতে হবে। তারপরেই নদীমাতৃক দেশ প্রাণ ফিরে পাবে।’

বিজ্ঞাপন