জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশে ঢুকলে বিএনপির নেতৃত্বাধীন সরকার তাকে প্রতিহত করতে পারবে না। তিনি শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপির উদ্যোগে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, 'পতিত স্বৈরাচার এবং নতুন স্বৈরাচার দুটিকেই আমরা প্রতিহত করব।' তিনি উল্লেখ করেন, 'শোনা যাচ্ছে পতিত স্বৈরাচার আগামী ডিসেম্বরে দেশে আসবে, যদি আসে এই সরকার তাদের জীবনেও মোকাবিলা করতে পারবে না। তবে আমরা তাদের প্রতিহত করব।'
তিনি তরুণদের এক হতে আহ্বান জানিয়ে বলেন, 'বিগত ১ সপ্তাহ আমরা ঢাকার বিভিন্ন এলাকায় গিয়েছি। সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। মানুষের জানমালের নিরাপত্তা নাই। সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ। সবচেয়ে বেশি এর দায় স্বরাষ্ট্রমন্ত্রীর।'
নাহিদ ইসলাম আরও বলেন, 'আমরা তার পদত্যাগের দাবিতে আজ এখানে জড়ো হয়েছি। বিএনপি প্রথম দিন থেকেই প্রতিশ্রুতি ভঙ্গ করে আসছে।' তিনি অভিযোগ করেন, 'জুলাই সনদ বাস্তবায়ন তো দূরে থাক, তারা নিজেদের দলের ৩১ দফা প্রতিশ্রুতিই বাস্তবায়ন করছে না।'
তিনি ভারতীয় চক্রান্তের বিরুদ্ধে সতর্ক করে বলেন, 'তারেক রহমান বাংলাদেশকে রক্ষা করতে পারবেন না। এবার আমরা গঙ্গা চুক্তিতে এক বিন্দুও ছাড় দেব না ইনশাআল্লাহ।'