স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বিরোধী দলের লংমার্চে জনগণের কোন সমর্থন নেই। তিনি উল্লেখ করেন, ঠাকুরগাঁও উপনির্বাচনে জামায়াত প্রার্থীর পরাজয়ই এর প্রমাণ।
আজ শনিবার সকালে রাজধানীর মিরপুরে ডেঙ্গু রোগী শনাক্তকরণ ও চিকিৎসা সেবা প্রদান কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সামনের স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি প্রার্থীরা জিতলে নির্বাচন সুষ্ঠু হয়নি, এমন অভিযোগে জামায়াত সংবাদ সম্মেলন করবে।
তিনি আরও বলেন, পুরাতন এই ফর্মুলা জনগণ মেনে নেবে না। এদিকে, লংমার্চের পরিবর্তে বিরোধী দলকে দেশের জঞ্জাল পরিষ্কার করার আহ্বান জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।
ডা. মুহিত বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সব মন্ত্রণালয় সমন্বয় করে কাজ করছে। অন্যদিকে, ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, উদ্ধার করা ফুটপাত নতুন করে দখল করতে অনেকে ষড়যন্ত্র করছে। তিনি বলেন, জনগণের ফুটপাত ও সড়ক কোনো অবস্থাতেই দখল হতে দেওয়া হবে না।