বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন যে, সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকার বিরোধী দলের জনবান্ধব নোটিশকে মূল্যায়ন করছে না।
তিনি বলেন, "সংসদে বিরোধী দলের নোটিশ ও কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে নামতে বাধ্য হয়েছে বিরোধী দল।" এ মন্তব্য তিনি বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জামায়াত বিটের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় করেছেন।
জামায়াত আমির এ সময় দাবি করেন, সরকার জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন করে জনগণের কাছে গ্রহণযোগ্য হওয়ার সুযোগ ছিল। তবে সরকার সেই পথে না যাওয়ায় জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, "সরকার তেলের দাম বাড়িয়ে আশপাশের দেশের তেলের দামের সাথে তুলনা করছে। কিন্তু বাংলাদেশের অর্থনীতি তো আশপাশের দেশের মতো বড় নয়।"