দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার আশঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। রাজধানীসহ সারা দেশে বসানো হয়েছে দেড় হাজার চেকপোস্ট।
সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে রাজধানীর বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ ও বাস ও রেলের বগিতে আগুন দেওয়ার ঘটনার পর এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধ বিশ্লেষকরা জানান, নাশকতা ঠেকাতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট।
বিভিন্ন স্থানে ঘটে যাওয়া নাশকতার ঘটনার মধ্যে মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত এবং ভারতে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার জল্পনার প্রেক্ষাপটে এসব হামলা চালানো হচ্ছে।
ঢাকার প্রবেশপথ, ফ্লাইওভার ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) এএইচএম শাহাদাৎ হোসাইন বলেন, ককটেল বা বিস্ফোরক দ্রব্য বহনকারীদের ওপর বিশেষ নজরদারি রয়েছে।
অপরাধ বিশেষজ্ঞরা জানান, নিরাপত্তা বলয়ের মধ্যে যানবাহনে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ বেড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান রেজাউল করিম সোহাগ বলেন, গোয়েন্দা ডিপার্টমেন্টগুলোর সমন্বয় প্রয়োজন।
নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সিসি ক্যামেরা বসানোর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগের প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা।