জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দীন পাটোয়ারীর বক্তব্য খণ্ডিত ও বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি ও সদস্যসচিব আখতার হোসেন এমপি এক বিবৃতিতে বলেন, পাটোয়ারীর বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত করে বিএনপি ও তাদের অনুসারীরা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে।
এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, পাটোয়ারীর প্রকৃত বক্তব্য ছিল—‘আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার—এই তিনটি দাবি মানলেই আর ককটেল ফুটবে না ঢাকা শহরে।’
এনসিপির দাবি, বক্তব্যটির মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদের স্থায়ী বিলোপ এবং দেশে আইনশৃঙ্খলা ও শান্তি ফিরিয়ে আনার প্রস্তাব তুলে ধরা।
বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের নাশকতা দমনে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা আড়াল করতেই এনসিপি ও বিরোধী দলগুলোর ওপর দায় চাপানোর চেষ্টা চলছে।
এনসিপি জানায়, জুলাই গণহত্যার বিচার, সংস্কার ও গণভোটের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক কর্মসূচি অব্যাহত থাকবে।