সমাজব্যবস্থায় জটিলতার কারণে মানুষ আনন্দ ভুলে গিয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান। আজ মঙ্গলবার বিকালে নরসিংদীর শিবপুরের যোশর বাজারের আড়িয়াল খাঁ নদীর ঘাটে বাজার কমিটি আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘নৌকা বাইচের যে অনাবিল আনন্দ মানুষেরা উপভোগ করত, আজকের এই সমাজ ব্যবস্থায় জটিলতার কারণে মানুষ সেই আনন্দ ভুলে গিয়েছে। আজকের নৌকা বাইচের মাধ্যমে ঐতিহ্যকে পুনরুদ্ধারের যে চেষ্টা, সেই চেষ্টা ভবিষ্যতে সফল হবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ আবার নতুন করে রাজনৈতিক জটিলতা ও রাজনৈতিক প্রতিহিংসা থেকে মুক্ত হয়ে একটি সুন্দর ঐতিহ্যময় সরল জীবনযাপনের দিকে এগিয়ে যাবে, যার ইঙ্গিত আমাদের প্রিয় প্রধানমন্ত্রী আমাদের সামনে উপস্থাপন করেছেন।’
মন্ত্রী তরুণ সমাজের দৈহিক ও মানসিক স্বাস্থ্যের উন্নয়নের কথাও উল্লেখ করেন এবং বলেন, ‘আমরা লেখাপড়া ও রাজনীতির পাশাপাশি, দেশের মানুষের কল্যাণমূলক কর্মকাণ্ডসহ খেলাধুলাকে পুনরুজ্জীবিত করব।’
নরসিংদীর জনগণের রাজনৈতিক অবদানের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এই ঢাকা বিভাগে নরসিংদীর সর্বস্তরের মানুষ ৯১ এ পাঁচটি আসনে বিএনপিকে বিজয়ী করে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিয়েছেন।’
তিনি বলেন, ‘পরবর্তীতে ৯১ থেকে শুরু করে ২০২৬, এই দীর্ঘ ৩৫ বছর পরে নরসিংদীবাসী পুনরায় আমাদের পাঁচটি আসনে জাতীয়তাবাদী শক্তি বিএনপিকে বিজয়ী করে আবার পাঁচটি আসন তারেক রহমানকে উপহার দিয়েছেন। আমরা নরসিংদীবাসী এজন্য গর্ববোধ করি।’
মন্ত্রী বলেন, ‘বিএনপির জাতীয়তাবাদী শক্তি টিকে রাখার পেছনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান অনেক। সেই দৃষ্টান্ত অনুসরণ করে এই দেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।’