সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়া হলে বাসের রুট পারমিট বাতিল হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মন্ত্রীর বক্তব্যের আগে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাসের নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১৭ পয়সা বৃদ্ধি করা হয়েছে। মন্ত্রী বলেন, আজই গেজেট প্রকাশিত হবে এবং গেজেট প্রকাশ মানেই তা কার্যকর হবে।
মন্ত্রী আরও জানান, বাস মালিক সমিতির পক্ষ থেকে মেইনটেন্যান্স খরচের কথা বলা হয়। দীর্ঘ আলোচনার পর প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, "যেকোনো ভাড়া বাড়লে জনগণের ওপর চাপ পড়ে, তবে যৌক্তিক ভাড়া নির্ধারণ করতে সক্ষম হয়েছি।"
শেখ রবিউল আলম বলেন, বৈশ্বিক ও জ্বালানি পরিস্থিতি বিবেচনা করে রাষ্ট্রকে এডজাস্ট করতে হয়। তিনি উল্লেখ করেন, নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে।
মন্ত্রী রেলের ভাড়া বাড়ানোর বিষয়ে জানান, "এখনই রেলের ভাড়া বাড়ানোর চিন্তা করছি না। তবে পরশুদিন রেল লঞ্চ নিয়ে বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে।"