ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত তুরাগ নদীর ওপর নির্মিত দুই লেনের দুটি সার্ভিস লাইন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। আজ বুধবার সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এর উদ্বোধন করেন।
মন্ত্রী জানান, জনগণের সুবিধার জন্য নিচের সড়কের বিকল্প হিসেবে এই সার্ভিস লেন দুটি নির্মাণ করা হয়েছে। একটি লেন ধউর থেকে আশুলিয়ার দিকে এবং অন্যটি আশুলিয়া থেকে ধউরের দিকে যান চলাচল করবে।
সার্ভিস সেতু দুটি টোলমুক্ত থাকবে এবং ভবিষ্যতে এসব সড়কে কোনো টোল নেওয়া হবে না, মন্ত্রী এ বিষয়ে নিশ্চিত করেছেন।
লেনগুলো চালুর ফলে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ আরও দ্রুত এগিয়ে যাবে। প্রকল্পটির মেয়াদ ২০২৮ সালের জুন পর্যন্ত রয়েছে এবং ইতোমধ্যে ৭২ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
মন্ত্রী আরও জানান, প্রকল্প বাস্তবায়নে যেসব চ্যালেঞ্জ ছিল, সেগুলো সমাধান করা হয়েছে এবং এখন কাজের গতি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।