সফর শেষে ঢাকা ছেড়েছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপ। বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা ছাড়ার সময় জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে বিদায় জানান।
অ্যান্ডা ফিলিপ ৩০ আগস্ট ঢাকায় আসেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ নারী সংসদ সদস্য ও রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
সফরের সময় আইপিইউ মহাসচিব বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্গঠন ও সংসদীয় সুসম্পর্ক বিস্তারে গুরুত্বারোপ করেন। তিনি জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন।