খুলনার ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরির সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে মাঝনদীতে এ দুর্ঘটনা ঘটে, যেখানে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, নদীর জেলখানা ঘাট থেকে সেনের বাজার যাওয়ার পথে ফেরির সাথে ট্রলারটির সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে যাত্রীরা নদীতে পড়ে যান এবং ট্রলারটি ডুবে যায়।
দুর্ঘটনার পর আশপাশের নৌযান, স্থানীয় লোকজন ও ফেরিতে থাকা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার কার্যক্রমে অংশ নেন। খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. মাসুদ সরদার জানান, দুর্ঘটনার সময় ট্রলারে থাকা সবাইকে উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, নদীতে তীব্র স্রোত থাকায় ট্রলারটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। নৌপুলিশ জানায়, কেউ নিখোঁজ আছে কিনা তা নিশ্চিত হতে টহল অব্যাহত রয়েছে।
এদিকে, স্থানীয়রা এ ধরনের দুর্ঘটনার জন্য ঘাটের অব্যবস্থাপনাকে দায়ী করছেন। তারা জানান, এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে।