ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। এই পরিবহনসেবা প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে শুরু করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে ঢামেক হাসপাতালের বাগান গেটে বিআরটিসির দ্বিতল বাস সার্ভিসের উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি জানান, হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের একটি বড় অংশ নারী, এবং তাদের যাতায়াতের জন্য হাসপাতালের নিজস্ব কোনো পৃথক পরিবহন ব্যবস্থা নেই।
তিনি বলেন, "এ কারণে স্বাস্থ্যকর্মীদের যাতায়াত সহজ ও নিরাপদ করতে বিআরটিসির সঙ্গে চুক্তির মাধ্যমে ডিসকাউন্ট রেটে বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।"
প্রাথমিকভাবে যাত্রীসংখ্যা বিবেচনায় নিয়ে সীমিত পরিসরে তিনটি বাস দিয়ে সেবা চালু করা হয়েছে। এর মধ্যে একটি বাস বিশ্বরোড রুটে এবং অন্য দুটি বাস কাঁচপুর, চিটাগাং রোড, শনিরআখড়া ও রায়েরবাগ হয়ে চলাচল করবে।
হাসপাতাল কর্তৃপক্ষের আশা, এ পরিবহনসেবা চালুর ফলে ঢামেক হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিয়মিত কর্মস্থলে যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে।