আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি রবিবার রাতে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান।
ড. হায়দার বলেন, চলতি বছর ৪৩ থেকে ৪৫ হাজার নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এসব স্বাস্থ্যকর্মী গ্রামীণ জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং ক্যানসার ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের চিকিৎসা নিশ্চিত করতে কাজ করবেন।
তিনি আরও জানান, দেশের প্রতিটি জেলা হাসপাতালে অন্তত ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন দেওয়ার পরিকল্পনা রয়েছে। বর্তমানে কর্মরত প্রায় ৪০ হাজার স্বাস্থ্যকর্মীর সঙ্গে নতুন নিয়োগপ্রাপ্তদের যুক্ত করে মোট এক লাখ ৪০ হাজার থেকে দেড় লাখ স্বাস্থ্যকর্মী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করবে।
জিয়াউদ্দিন হায়দার বলেন, প্রধানমন্ত্রী শিক্ষা ও স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। স্বাস্থ্য বিভাগ একটি অত্যন্ত কমপ্লেক্স সেক্টর যা সহজে পরিবর্তনশীল নয়। তবে স্বাস্থ্য খাতের উন্নয়নের লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, “আমরা নিশ্চিত করতে চাই, বাগেরহাটের মানুষ, চরাঞ্চল, পাহাড়, সমতল, শহর কিংবা গ্রামে বসবাসরত প্রতিটি পরিবার যেন নিয়মিত স্বাস্থ্যসেবা পায়।” স্বাস্থ্যকর্মীরা বছরে তিন থেকে চারবার প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে প্রতিটি পরিবারের কাছে যাবেন এবং বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করবেন।
এছাড়া, নতুন স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রাথমিক পর্যায়ে রোগের লক্ষণ শনাক্ত করতে সহায়তা করবেন, যা রোগীদের দ্রুত চিকিৎসার আওতায় আনার সুযোগ সৃষ্টি করবে এবং ক্যানসারে মৃত্যুহার কমাতে সহায়ক হবে।