শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

দুদক চেয়ারম্যানের ঢামেক হাসপাতাল পরিদর্শন, অভিযোগ শুনলেন রোগীরা

দুদক চেয়ারম্যান ঢামেক হাসপাতালে রোগীদের অভিযোগ শুনলেন, স্বাস্থ্যসেবায় দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন।

দুদক চেয়ারম্যানের ঢামেক হাসপাতাল পরিদর্শন, অভিযোগ শুনলেন রোগীরা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান ঢাকার মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিদর্শন করেছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে তিনি ও তার সহকর্মীরা হাসপাতালের চিকিৎসা সেবা পর্যবেক্ষণ করেন এবং রোগীদের অভিযোগ শোনেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দুদকের কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান, কমিশনার ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া এবং সচিব মো. সাইদুর রহমান খান। তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বহিঃবিভাগ পরিদর্শন করেন এবং রোগীদের শয্যার পাশে গিয়ে তাদের চিকিৎসা প্রাপ্তির সার্বিক অবস্থা নিয়ে কথা বলেন।

রোগীরা দালাল চক্রের হয়রানিসহ নানা অভিযোগ কর্মকর্তাদের সামনে তুলে ধরেন। দুদক চেয়ারম্যান রোগীদের অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে সেবার মান বাড়ানোর পাশাপাশি অনিয়ম বন্ধের তাগিদ দেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রেস কনফারেন্সে বিচারপতি আসাদুজ্জামান জানান, সরকারি স্বাস্থ্যসেবা খাতে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে দুদক কঠোর অবস্থান নেবে। তিনি বলেন, 'হাসপাতালে কোনোরকম ব্যবস্থা নেই এবং রোগীরা অনেক সুবিধাই পাচ্ছে না। সারাদেশের স্বাস্থ্যখাতের প্রায় একই অবস্থা।'

ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেন, 'এখন বেশিরভাগ ওষুধ আমরা পাচ্ছি এবং অনেকটা ইমপ্রুভ হয়েছে আগের থেকে। তবে পুরোপুরি ইমপ্রুভ করতে কিছুটা সময় লাগবে।'

এক রোগীর স্বজন অভিযোগ করেন, 'এখানে ভালো চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে এক দালাল আমার কাছ থেকে টাকা নিয়েছে। কিন্তু এখন তাকে খুঁজে পাচ্ছি না।'

বিজ্ঞাপন