দুর্নীতির প্রাথমিক সত্যতা মিলেছে এমন বক্তব্য দিয়ে করা দুদকের ব্রিফিংয়ের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা। সোমবার (২৮ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করা হয়।
রিটটি বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এসকে তাহসিন আলীর দ্বৈত বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন হতে পারে। রিটে উল্লেখ করা হয়েছে যে, কোনো মামলার অনুসন্ধান বা তদন্ত চলাকালে গণমাধ্যমে এমন বক্তব্য দেয়া নাগরিকের মান-সম্মান ক্ষুণ্ণ করে এবং এটি সংবিধান ও দুদকের তথ্য প্রকাশ নীতির সরাসরি লঙ্ঘন।
রিটকারীর আইনজীবী জহিরুল ইসলাম মুসা জানান, আবেদনটি দুদকের বিতর্কিত ব্রিফিং বাতিলের পাশাপাশি ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা এবং তদন্ত চলাকালীন মিডিয়া ট্রায়াল বন্ধের নির্দেশনার দাবি জানাচ্ছে।
এছাড়া, গত ২ ও ১৩ই সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে দুদক আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানায়।