স্থানীয় সরকার ও জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক না হওয়ার কারণ জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন। রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত জাহান, যিনি জনস্বার্থে এই আবেদন করেছেন।
শুনানির সময় তিনি জানান, বর্তমান নির্বাচনী আইন ও বিধিমালায় প্রার্থীদের জন্য মাদক পরীক্ষার বিষয়ে কোনো স্পষ্ট বাধ্যবাধকতা নেই। অথচ সরকারি চাকরিজীবী বা পুলিশ সদস্যদের নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক।
আইনজীবী ইসরাত জাহান আরও বলেন, মনোনয়নপত্রের সঙ্গে সরকার স্বীকৃত ল্যাবরেটরি বা হাসপাতাল থেকে ডোপ টেস্টের সনদ জমা দেওয়া বাধ্যতামূলক করা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, কোনো প্রার্থী যদি মাদকাসক্ত না হন, তাহলে ডোপ টেস্টে অংশ নিতে তার আত্মসম্মানে আঘাত লাগার কোনো কারণ নেই।
মন্ত্রিপরিষদ সচিব, স্থানীয় সরকার সচিব, প্রধান নির্বাচন কমিশনার ও ইসি সচিবসহ সাতজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।