রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

হাইকোর্টের নির্দেশে মুক্তি পেলেন নিরপরাধ আলমাস

হাইকোর্টের নির্দেশে নিরপরাধ আলমাস মুক্তি পেলেন, প্রকৃত আসামি আলমাছ কানাডায় রয়েছেন।

হাইকোর্টের নির্দেশে মুক্তি পেলেন নিরপরাধ আলমাস

অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত মো. আলমাছের পরিবর্তে এক বছর ধরে কারাগারে থাকা নিরপরাধ মো. আলমাসকে মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আলমাসের পক্ষে আইনজীবী মো. তানভীর আহমেদ ও আবদুল্লাহ আবু সাঈদ ছিলেন। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিহাব উদ্দিন খান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মহিউদ্দীন মো. হানিফ ও মারিয়া তানজিমাৎ উপস্থিত ছিলেন।

হাইকোর্টের নির্দেশে করা অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার আলমাস এই মামলার সাজাপ্রাপ্ত আসামি নন। প্রকৃত আসামি মো. আলমাছ বর্তমানে কানাডায় অবস্থান করছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, আলমাস সপরিবার ২০০৭ সালের আগে ঢাকা জেলার দোহারের দক্ষিণ বাহ্রা ডাকঘরের অধীন বাহ্রা গ্রামে বসবাস করতেন। অপরদিকে প্রকৃত আসামির গ্রাম পূর্ব ধোয়াইর একই ডাকঘরের অধীন। উভয়ের বাবার নামের সাদৃশ্যও বিভ্রান্তি সৃষ্টি করেছে।

২০০২ সালে করা অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত আলমাছের ঠিকানা ভুলক্রমে ‘পূর্ব ধোয়াইর’ স্থলে ‘দক্ষিণ বাহ্রা’ লেখা হয়, যা মামলার নথিতে বহাল থাকে।

মামলার বিবরণ অনুযায়ী, মো. আলমাছ ও মো. নাজমুল আলম মামুনের বিরুদ্ধে ২০০২ সালের ১০ এপ্রিল মিরপুর থানায় অস্ত্র আইনে মামলা করে পুলিশ। ২০০৪ সালের ১৯ জুন ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১১ রায় দেন, যেখানে মো. আলমাছকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রায় ঘোষণার সময় আলমাছ পলাতক ছিলেন এবং গ্রেপ্তারি পরোয়ানার পর আলমাসকে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠান।

বিজ্ঞাপন