পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, সমবায়ের মাধ্যমে আত্মমর্যাদাশীল জাতি গড়ে তোলা সম্ভব। তিনি আজ রোববার পঞ্চগড় কালেক্টরেট চত্বরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্বোধনকালে সাংবাদিকদের এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘পুরুষেরা আত্মনির্ভরশীল হওয়ার জন্য সমবায় করতে হবে। তারা যেন শুধু বিপননের জন্য নয়, বিভিন্ন ধরনের সমবায় সমিতি করে দলবদ্ধ হয়ে শুরু করে।’ তিনি উল্লেখ করেন, এই উদ্যোগ বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।
তিনি আরও বলেন, ‘সমবায়ের মূল শক্তি হচ্ছে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ। নারী-পুরুষ সবাইকে সমবায়ের আওতায় এনে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে।’
৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়, যা কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
এ সময় জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী জেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভায় অংশগ্রহণ করেন।