স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ফারুক আহমেদ। তিনি রোববার (৮ নভেম্বর) নতুন এ দায়িত্বভার গ্রহণ করেন।
গত ৩ নভেম্বর তিনি এসআরবির নতুন ডিজি হিসেবে নিয়োগ পান। ফারুক আহমেদ ১৯৯৮ সালে ১৭তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
তিনি রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন এবং দীর্ঘ চাকরিজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও পদে দায়িত্ব পালন করেছেন। ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে কাজ করেছেন।
ফারুক আহমেদ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন), র্যাব ফোর্সেস সদর দফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এবং হাইওয়ে পুলিশের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতায় লাইবেরিয়া ও সুদানেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
এসআরবি ফোর্সেসের মহাপরিচালক হিসেবে যোগদানের পর তার স্বাগত দরবার অনুষ্ঠিত হয়। সেখানে তিনি বাহিনীর সদস্যদের উদ্দেশে জনমানুষের কল্যাণে আন্তরিকতা, পেশাদারত্ব, জবাবদিহি ও নিয়মতান্ত্রিক উপায়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
নতুন মহাপরিচালক বাংলাদেশের জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় এসআরবি ফোর্সেসকে একটি রোল মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিতে বাহিনীর সব পর্যায়ের সদস্যদের নির্দেশ দেন।