র্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী গঠনের লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন ২০২৬’-এর খসড়া প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই খসড়া প্রকাশ করা হয়।
আইনের খসড়ায় বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সুসংহতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের অধীন একটি বিশেষায়িত ইউনিট গঠন করা হবে।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ইউনিটের জন্য সরকার কর্তৃক নির্ধারিত একটি প্রতীক (লোগো), পতাকা ও সুনির্দিষ্ট পোশাক থাকবে। এই ইউনিটের নেতৃত্বে থাকবেন অতিরিক্ত আইজিপি পদমর্যাদার একজন মহাপরিচালক।
বাহিনীর সদর দফতর ঢাকায় থাকবে, তবে দেশের যেকোনো স্থানে ইউনিট স্থাপনের সুযোগ রাখা হয়েছে। ইউনিট গঠনের জন্য পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনী থেকে সদস্যদের প্রেষণে আনা যাবে।
আইনের খসড়া চূড়ান্ত করার পর মন্ত্রিসভায় পাঠানো হবে এবং বৈঠকে সংযোজন-বিয়োজন হতে পারে। মন্ত্রিসভার অনুমোদনের পর সংসদ অধিবেশনে এটি পাস হতে পারে। উল্লেখ্য, ২০০৪ সালে র্যাব গঠনের উদ্দেশ্য ছিল শীর্ষ সন্ত্রাসী ও দুর্ধর্ষ জঙ্গি দমনের জন্য।