বাংলাদেশ সরকার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে নতুন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে একটি বিশেষায়িত ইউনিট গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন।
মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে প্রণীত খসড়া আইনটি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন পেয়েছে।
নতুন আইনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, র্যাব বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের আওতায় এসআরবি প্রতিষ্ঠা করা হবে। আইনটিতে নাগরিকদের অভিযোগ এবং এসআরবির সদস্যদের অভ্যন্তরীণ সংক্ষোভ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধান রাখা হয়েছে।
এছাড়া, র্যাবের জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা, তহবিল, সম্পত্তি, হিসাব, রেকর্ড এবং অন্যান্য সংশ্লিষ্ট সম্পদ এসআরবির কাছে স্থানান্তরের বিধান রাখা হয়েছে।
প্রসঙ্গত, র্যাব ২০০৪ সালের ২৬ মার্চ গঠিত হয়ে ১৪ এপ্রিল কার্যক্রম শুরু করে। তবে বাহিনীটির বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যার অভিযোগ রয়েছে এবং কিছু কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে।