স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। এই আইনের মাধ্যমে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতায় এসআরবি নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে।
খসড়ায় উল্লেখ করা হয়েছে, 'দ্য আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিনেন্স, ১৯৭৯' এর আওতায় গঠিত র্যাব বিলুপ্ত হবে এবং এসআরবি সম্পূর্ণভাবে 'স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬'-এর আইনি কাঠামোর অধীনে পরিচালিত হবে।
এসআরবি'র মহাপরিচালক পদে একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক নিয়োগ করা হবে। তিনি প্রশাসনিক, আর্থিক এবং অপারেশনাল ক্ষমতা প্রয়োগ করবেন এবং সরকারের অনুমোদনক্রমে বাহিনীর কাঠামো নির্ধারণ করবেন।
আইনশৃঙ্খলা রক্ষা ও অপারেশনাল কার্যক্রমের সুবিধার্থে মহাপরিচালক অন্যান্য বাহিনী ও সংস্থার সাথে সমন্বয় সাধন করবেন। এছাড়া, মহাপরিচালক আদালত, সরকার বা পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) কর্তৃক নির্দেশিত হলে যেকোনো ফৌজদারি অপরাধের তদন্ত করতে পারবেন।
এসআরবি গঠনের উদ্দেশ্যে অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, আইন-শৃঙ্খলা উন্নয়ন, মাদক ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় খসড়ায় উল্লেখ আছে। তল্লাশি, আটক বা গ্রেফতারের ক্ষেত্রে এসআরবি'র কর্মকর্তাদের তদন্তকারী কর্মকর্তার সমান ক্ষমতা ও দায়িত্ব পালন করার সুযোগ থাকবে।
নাগরিকদের অধিকার রক্ষায় এসআরবি'র সদস্যদের বিরুদ্ধে আইন বহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ থাকলে 'অভিযোগ প্রতিকার কমিটি' গঠনের বিধান রাখা হয়েছে। এই কমিটি উচ্চপর্যায়ের এবং মানবাধিকার রক্ষা নিশ্চিত করবে।