হবিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসানসহ তিনজন আটক রয়েছেন। তাদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হবে কিনা, সে বিষয়ে আজ মঙ্গলবার পুলিশের সিদ্ধান্ত জানানো হবে।
গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কোর্ট মসজিদের সামনে থেকে মাহদী, মির্জা সুমন ও রাকিবকে আটক করে পুলিশ। আটক হওয়ার পর কোর্ট মসজিদ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য কোনো সদস্যকে দেখা যায়নি।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানিয়েছেন, প্রশাসনের অনুমতি ছাড়া ‘সর্বস্তরের ছাত্র-জনতা’ ব্যানারে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। বিশৃঙ্খলার আশঙ্কায় প্রশাসন মিছিলের অনুমতি দেয়নি। পরে প্রশাসনের বাধা উপেক্ষা করে তারা জড়ো হলে মাহদীসহ তিনজনকে আটক করা হয়।
আটকের পর সোমবার রাতে ওসি জাহিদুল হক জানিয়েছিলেন, মঙ্গলবার সকাল ৯টার দিকে তাদের ছেড়ে দেওয়া হবে, নাকি গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে, সে বিষয়ে জানানো হবে।
এদিকে একটি সূত্র জানিয়েছে, মাহদী হাসানসহ আটক তিনজনকে একটি মামলায় আসামি দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।