দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।
সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ৬ ধারা অনুযায়ী তাকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ কে এম আসাদুজ্জামান গত ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে অবসরে যান। তিনি নওগার সাপাহারে জন্মগ্রহণ করেন।
নতুন কমিশনের সদস্য হিসেবে ড. জাহাঙ্গীর আলম খান ও ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকেও নিয়োগ দেওয়া হয়েছে।
জুন মাসে, দুদকের চেয়ারম্যানসহ তিন সদস্য পদত্যাগ করার পর নতুন কমিশন গঠনের জন্য আপিল বিভাগের একজন বিচারপতিকে প্রধান করে ৫ সদস্যের একটি সার্চ কমিটি গঠন করা হয়।
কমিটি চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত আহ্বান করে এবং পরবর্তীতে কয়েক দফা বৈঠক করে এই তিনজনের নাম চূড়ান্ত করে।
দুদক আইন অনুযায়ী, চেয়ারম্যান আপিল বিভাগের বিচারপতির সমান পদমর্যাদা এবং দুই কমিশনার হাইকোর্ট বিভাগের বিচারপতির সমান পদমর্যাদা, বেতন ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন।