হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ২টার দিকে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, এক ব্যক্তি ব্যাংকের সীমানাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। পরে ব্যাংকের সামনের ডিজিটাল সাইনবোর্ডে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন প্রায় দেড় মিনিট পর নিভে যায় এবং ওই ব্যক্তি পালিয়ে যায়।
এ সময় ব্যাংকের ভেতরে একজন নিরাপত্তাকর্মী ঘুমিয়ে ছিলেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তাকর্মী হাফিজুর রহমানকে ঘুম থেকে জাগিয়ে বাইরে নিয়ে আসে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন জানান, অগ্নিসংযোগের ঘটনায় ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শুধু ডিজিটাল সাইনবোর্ডটি পুড়ে গেছে।
এ ঘটনায় শাখা ব্যবস্থাপক মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।